মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় আটকা পড়া ৩০৯ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই উদ্ধার কার্যক্রমটি বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশে ফেরা নাগরিকদের স্বাগত জানান।
বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, দেশে ফেরা প্রত্যেক ব্যক্তিকে আইওএমের পক্ষ থেকে ছয় হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকেও তাদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, লিবিয়ায় অবস্থানরত এসব ব্যক্তি মূলত মানবপাচারকারী চক্রের প্রতারণার শিকার হয়েছিলেন। ইউরোপে পৌঁছে দেওয়ার লোভ দেখিয়ে দালালরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। তাদের অনেকেই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন অথবা লিবিয়ায় অপহরণ ও অমানবিক নির্যাতনের শিকার হন। এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি সফল করতে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম ঘনিষ্ঠভাবে কাজ করেছে। সরকার অবৈধ উপায়ে বিদেশযাত্রা রোধ করতে এবং বিদেশে বিপদে পড়া নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যক্রম অব্যাহত রেখেছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Reporter Name 



